৩১ আগস্ট, ২০২০

ফিতনা

 একা একা কোথা যাও!

কোথা যাই বাপুরে?

এভাবে কি লোকালয়ে 

থাকা যায় বাবুরে?


তরবারি ভোতা করি

কোপ মেরে পাথরে

মাঠঘাট বাড়ি ছেড়ে 

চলে যাই বাদাড়ে!

ফলমূল পাতা খেয়ে 

যতদিন বাঁচা যায়

ততদিন বেঁচে থেকে 

পরপারে পাড়ি দেয়।


সত্যের ভিত নাই

চারিদিকে ফিতনা 

মৃত্যুতে শোক নাই

তাড়াতাড়ি দিক না!

ওয়াইন সিগারেট চিপস চানাচুর

 মোটের উপর কতবার,

কতজনের প্রেমে পরেছি?

সংখ্যাক্রমে হিসাব রাখিনি!

সপ্তকী ডায়েরির পাতা ফুরিয়ে গেলে

কোথাও লিখিনি কারো নাম।

 

যদি জানতেই চাও- তবে- দু'দিন, 

মাত্র ৪৮ ঘন্টা সময় দাও- 

জানিয়ে দেবো একদম।

তবে একটা শর্তাধীন -

ওয়াইন, সিগারেট, চিপস, চানাচুর-

খাইখরচা বিলটা তোমাকেই চুকাতে হবে!

কেননা-

আমার পকেট, আজও গড়েরমাঠ।


                   

২৬ আগস্ট, ২০২০

পুনর্জন্ম

 ওহে জল্লাদ, 

যেই বীরের ফাঁসি দিয়েছো

এই ভোরে তার জন্ম হলো

চেয়ে দেখো,

গলায় রশি প্যাঁচানোর দাগ!

২৫ আগস্ট, ২০২০

কবি

সত্যিই তুমি দুর্দমনীয়

ক্ষমতার উচ্চ শিখরে আসীন-

ওই ভন্ড সাধু, বক ধার্মিকের বিরুদ্ধে-

সদাজাগ্রত সচল তোমার কলম।


সত্যিই কবি তুমি নির্ভীক!

মৃত্যুভয় কখনওই তোমাকে করেনি তাড়া,

বরং মৃত্যুদূত তোমাকে দেখে সবেগে-

হাপিত্যেশ করে দৌড়ে পালিয়েছে!

অন্যায়, অবিচার আর শোষকের বিরুদ্ধে-

সমশের হয়ে উঠেছে তোমার কলম,

তুমি দুর্বার, তুমি দুর্মর, তুমি শোষকের প্রতি হুংকার।।


সবুজ প্রকৃতি লালিত হয় তোমার বুকে

ইট পাথরের পৃথিবী থেকে ভেসে আসে-

সবুজ শ্যামল সুন্দর পৃথিবীর ভাবাবেশ;

তোমার প্রতিটি কথা একেকটি স্বপ্ন!!


কবি, 

কোনকালে তোমার ছিলনা কোন স্বদেশ 

পুরো পৃথিবীই তোমার নিজের দেশ!

তোমার মৃত্যু নেই, তুমি অবিনশ্বর 

তুমি মিলেমিশে হয়ে আছো একাকার,

যুগে যুগে কালে কালে এসেছ তুমি;

তোমার জাত নেই,  পাত নেই-

ভালবাসার মৈত্রীসূত্রে বেঁধেছ জগত সংসার;

কবি, 

       তুমিই স্বপ্ন, তুমি সত্য, তুমি প্রতিজন্মে সুন্দর ।। 


(বিগত, আগত, অনাগত সকল কবিদের জন্য নিবেদন করলাম) 

২৫.০৮.২০১৭

১৪.৪৯ মি.।

২৪ আগস্ট, ২০২০

কিসের বড়াই

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছ কেন ভাই?

মানবতার চেয়ে বড় ধর্ম কোথাও নাই;

হাসি ফোটাও যদি তুমি নিপীড়িতের মুখে

সৃষ্টিকর্তা বাসবে ভাল রাখবে হরেক সুখে।।

আল্লাহ বলো, যীশু বলো, বলো ভগবান

মানুষেতে বাস করে সে, হয়েছে মহীয়ান ;

এই দুনিয়ার মায়া মোহ নয়তো বড়কিছু

মানবপ্রেম করলে খুশি হয় ভগবান যীশু।।

মানবপ্রেম যার মাঝে নেই সেইতো নরপশু

মানবক্ষতি হয়গো যদি মাফ করবেনা আল্লাহ-যীশু;

এই দুনিয়ার আর কোথাও, নাই ভগবান নাই

মানুষের মাঝে আল্লাহ-রাসুল, সব খুঁজিয়া পাই।।

মানুষ ভজ, মানুষ রচ, করো মানব বন্দনা

এই দুনিয়ায় তুমি আমি কেউই রইব না;

আল্লাহ যীশু ভগবানের দেখিনা কোন ভেদ

করছ তবে কিসের বড়াই, করছ ভেদাভেদ।। 

স্বর্গ-নরক, বেহেশত -দোজখ কিছুই দেখিনা

মানুষের মাঝে সবই আছে, কোথাও খুঁজিনা।।


২৩-৮-২০১৭

০১.৪৪

২৩ আগস্ট, ২০২০

স্ট্রেচার এবং ভালবাসা

 যেই লোকটার ___________

উরুতে চাপ দিলে গোড়ালি দিয়ে পুঁজ বেরুতো, তার ড্রেসিং করেছিলাম কয়েকবার। যখনই সে জরুরী বিভাগে আসতো, হাসপাতালের বারান্দাটা আপনা থেকেই জনশূন্য হয়ে যেতো! 

হঠাৎই একদিন __________

সে বিষপান করলে লোকেরা ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসে। তার গলায় নল ঢুকিয়ে পাকস্থলী ভর্তি বিষ বের করেছিলাম বলে সেযাত্রায় বেঁচে গিয়েছিল। 

কেন বিষপান করলে? জানতে চাইলে বলেছিল, "পায়ের অসহ্য যন্ত্রণা আর এই উৎকট পঁচা গন্ধ নিজেরই সহ্য হয় না, এর চাইতে মরে যাওয়াই ভালো" 

অতঃপর, তার উরুসন্ধির হাড় অবধি কেটে ডান পা'টা বিচ্ছিন্ন করেন রংপুর মেডিকেলের কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তার! এখন সে স্ট্রেচারে ভর করে হাঁটছে, হাসছে, পান চিবোচ্ছে, লোকেরা তার কাছে গিয়ে গল্প করছে। আমায় এসে বললো, "ভাইজান, এখন বেশ ভালো আছি, ভিক্ষেটিক্ষেও ভালোই জুটছে"। আলাপ শেষে, সে আমায় এক প্যাকেট বেনসন সিগারেট দিয়ে বলেছিল, " ভাইজান, এটা ভালবাসার উপহার, আইজ আর না করবেন না!"

তার অল্প কিছুদিন পর কলিগের থেকে শুনতে পেলাম, সে চলন্ত রেলগাড়ী থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে! কেন? জানা গেলো, তার স্ত্রী জমানো টাকা-গহনা নিয়ে অন্যের হাত ধরে পালিয়েছে।


°

°

°


স্ট্রেচার এবং ভালবাসা 


______________ রশিদ ভাই। 

তেইশ আট কুড়ি

২২ আগস্ট, ২০২০

ধর্ষিত স্বদেশ

সুশীল বাবু -শুশীল বাবু

বলছেন না কেন কিছু?

মোশা মিয়ার ছোট মেয়েটার হলনাতো কিছু!


সেকি কথা!  গ্যাছেন ভূলে?

সেদিনকারই ব্যাথা!

টকশো'তে বলেছিলেন -

"থাকল মনে গাঁথা"।

যতক্ষণ না বিচার হবে-

গিলবেন না ফোটা পানি;

দুদিন আগের কথা বাবু-

ভুলে গ্যাছেন আজ এক্ষুনি!!


আজিজ মিয়ার বড় ছেলে

আজ থাকার কথা জেলে!

বুক চিতিয়ে বেড়ায় ঘুরে

অন্ধ আইন!

                 -কি বিচার করে?


ধর্ষিতা আজ কাঁদছে বাবু

অন্ধকার ঘরের কোনে;

ধর্ষিত আজ প্রিয় স্বদেশ

কেইবা কান্না শোনে!!


২৩-৮-২০১৭

২৩.২৩