রহমান সাহেব একজন সৎ, দেশপ্রেমিক মানুষ। সরকার তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য নানান কার্যকরী পরামর্শ দিতে হবে। স্বপ্ন ছিলো, দেশকে এক নতুন রূপে গড়ে তোলার। দিনরাত কল্পনা করতেন, কীভাবে দেশের দারিদ্র্য দূর করবেন, শিক্ষাব্যবস্থার উন্নতি করবেন, আর মানুষের জীবনমান উন্নত করবেন।
কিন্তু কাজে যোগ দেওয়ার পরপরই রহমান সাহেব বুঝতে পারলেন, বাস্তবতা তার ধারণার চেয়েও বেশি জটিল। প্রতিদিনই তিনি নানা রাজনৈতিক দলের নেতাদের উদ্ভট পরামর্শের সম্মুখীন হতে থাকেন, যা দেশের উন্নয়নের বদলে সবকিছুকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে। কিছু পরামর্শ এতটাই হাস্যকর যে, রহমান সাহেব নিজেও দ্বিধায় পড়ে যান, এসব তিনি মজার জন্য শুনছেন নাকি আসলেই তাদের কাছে এটাই পরিকল্পনা!
---
প্রথম দিনের অভিজ্ঞতা:
নেতাদের একদল সকাল বেলা উপদেষ্টা কক্ষে হাজির। তারা নিজেদের পরিচয় দিয়ে বললেন, তাদের এক দারুণ আইডিয়া আছে।
নেতা: "উপদেষ্টা সাহেব, দেশের জনগণ খুব চাপের মধ্যে আছে। তাদের একটু আনন্দ দিতে প্রতিদিন বিনামূল্যে নাটক-সিনেমা দেখানোর ব্যবস্থা করেন। প্রতিমাসে দুইশো জিবি ফ্রি ডাটা দিয়ে দেন। দেখবেন, এতে তারা সব ভুলে যাবে, আর আমাদের মাথাও ঠাণ্ডা থাকবে!"
রহমান সাহেব: "বিনোদন ব্যবস্থা ঠিক আছে। কিন্তু দেশের সমস্যাগুলো তো আসলে সমাধান করা দরকার। শুধু ভুলিয়ে রাখলে কি উন্নয়ন সম্ভব?"
নেতা: "উন্নয়ন? আরে উপদেষ্টা সাহেব, আমরা তো মনে করি জনগণ খুশি থাকলেই উন্নয়ন হয়ে যায়!"
রহমান সাহেব বিস্মিত হয়ে ভাবেন, মানুষ এভাবে দেশ চালাতে চায়!
---
দ্বিতীয় দিনের অভিজ্ঞতা:
পরদিন আরেক দল নেতা এলো। এবার তারা উন্নয়নের নামে চমকপ্রদ এক পরিকল্পনা নিয়ে হাজির।
নেতা: "দেশের উন্নয়নের জন্য এমন কিছু প্রকল্প হাতে নেন যা কখনও শেষ হবে না। এর ফলে সবাই ব্যস্ত থাকবে, মজুরের পেটে ভাত থাকবে, আর সবসময়ই উন্নয়নের ধোঁকা থাকবে!"
রহমান সাহেব: "কিন্তু প্রকল্প শেষ না হলে দেশবাসী আসলে কী উপকার পাবে?"
নেতা: "উপদেষ্টা সাহেব, আপনার চিন্তার চেয়ে আমাদের কার্যক্রম ঢের বড়! দেখুন, জনগণ তো কাজে ব্যস্ত থাকবে, দেশের অর্থনীতি চাঙা হবে!"
উদ্ভট এই যুক্তিতে রহমান সাহেব আবারো হতবাক হয়ে যান।
---
তৃতীয় দিনের অভিজ্ঞতা:
এবার আরেক নেতা তাকে পরামর্শ দিলেন রাস্তাঘাট উন্নয়নের।
নেতা: "উপদেষ্টা সাহেব, প্রচুর রাস্তা বানাবেন, কিন্তু এমনভাবে বানাবেন যেন সেটা গাড়ি চলার জন্য না হয়ে হাঁটার জন্য হয়। এতে সড়ক দুর্ঘটনা কমবে। আর জনগণ হাঁটতে গিয়ে স্বাস্থ্যকর জীবন পাবে!"
রহমান সাহেব: "তাহলে তো কোনো যানবাহন চলবে না! মানুষ দূরের কাজও কি হেঁটেই করবে?"
নেতা: "এটাই তো উন্নয়ন, উপদেষ্টা সাহেব! স্বাস্থ্য উন্নয়নের প্রকল্প!"
রহমান সাহেব মনে মনে ভাবলেন, এভাবে চলতে থাকলে জনগণ বুঝি সভ্যতা থেকেই পিছিয়ে যাবে।
---
চতুর্থ দিনের অভিজ্ঞতা:
আরেক নেতা আরও মজার একটা পরিকল্পনা নিয়ে হাজির হলেন।
নেতা: "জনগণের ঘুমানোর সময় কমিয়ে দেন। ঘুমকাতুরে অলস জাতির ভবিষ্যৎ অন্ধকার। এদের ঘুমানো কমিয়ে দিলে পরিশ্রম বাড়বে আর জাতি আরও কর্মঠ হবে।"
রহমান সাহেব: "ঘুম তো মানুষের মৌলিক প্রয়োজন। এতে মানুষ অসুস্থ হয়ে পড়বে।"
নেতা: "অসুবিধা নেই, একদিনে মানুষ মরে না! বহুদিন ধরে খেটে খেটে মরবে"
রহমান সাহেব (হতাশ হয়ে): "আপনাদের পরামর্শ শুনে মনে হচ্ছে, দেশকে এগিয়ে নিতে নয়, বরং এক জায়গায় আটকে রাখাই আসল লক্ষ্য।"
---
কিছুদিনের মধ্যেই রহমান সাহেব বুঝতে পারলেন, এভাবে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। সব নেতারাই কেবল তাদের নিজেদের স্বার্থে কাজ করছে, আর তিনি চেষ্টা করছেন দেশের কল্যাণে কিছু একটা করতে।
শেষমেশ রহমান সাহেব একান্তে বসে বলে উঠলেন,
"আমি দেশকে ভালো কিছু দিতে চেয়েছিলাম। কিন্তু এখানে তো দেখছি, সঠিক পরামর্শের চেয়ে উল্টোপাল্টা পরামর্শে ঘেরা হয়ে আছি। এভাবে চলতে থাকলে দেশ নয়, বরং দিশাহীন অবস্থায় পড়ে থাকবে!"
অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, কিছু সৎ ও নিষ্ঠাবান মানুষকে নিয়ে আলাদা একটি দলের মাধ্যমে উন্নয়নের কাজ শুরু করবেন। সত্যিকার অর্থেই ক্ষমতা কাজে লাগাতে হলে, সঠিক চিন্তাধারার মানুষদের সহযোগিতাই জরুরি।
মনে মনে তিনি বললেন,
"দেশের উন্নয়ন শুধু পরামর্শে নয়, দরকার বাস্তবায়নের সৎ ইচ্ছা। হয়তো একদিন এসব বাধা পেরিয়েও সঠিক পথ খুঁজে পাওয়া যাবে।"
বেশকিছু দিন, এভাবেই কেটে গেলো...
রহমান সাহেব প্রতিদিনের উদ্ভট পরামর্শ আর রাজনৈতিক বাধায় বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু হাল ছাড়েননি। বরং একদিন তিনি ভাবলেন, “যারা সত্যিই দেশকে ভালোবেসে কিছু করতে চান, তাদের নিয়ে একটা নতুন দল গঠন করতে পারলে কেমন হয়?”
এই ভাবনা থেকেই রহমান সাহেব সব রাজনৈতিক দলের মধ্যে সৎ, দায়িত্বশীল এবং দেশপ্রেমিক মানুষদের খুঁজে বের করতে শুরু করলেন। দিন দিন তার আশেপাশে অনেকেই এসে যোগ দিতে শুরু করলেন। এদের মধ্যে কিছু তরুণ উদ্যমী ব্যক্তি, কিছু অভিজ্ঞ রাজনীতিবিদ, আবার সমাজের বিভিন্ন পেশার মানুষও ছিলেন। এভাবে একটা নতুন দল গঠন হলো, যার একমাত্র লক্ষ্য হলো— দেশের উন্নয়ন, সত্যের পথে প্রতিষ্ঠা, আর মানবতার কল্যাণ।
---
তাদের পরিকল্পনা ও কাজ:
নতুন দলটি প্রথমেই একটি পরিকল্পিত ও বাস্তবসম্মত সংস্কার আন্দোলন শুরু করলো। স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, অর্থনীতি— প্রতিটি খাতে ধীরে ধীরে বাস্তবমুখী উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হলো। দেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে এবং অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোকে সামনে রেখে বাস্তবসম্মত সমাধানের উপায় বের করা হলো।
কিছু উল্লেখযোগ্য সংস্কার:
*** শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে তোলার জন্য নীতি সংস্কার এবং প্রযুক্তিগত উন্নয়ন।
*** স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য বিশেষ উদ্যোগ।
*** পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বিভিন্ন প্রকল্প।
*** কৃষিতে স্বনির্ভরতা অর্জনের জন্য নতুন পদ্ধতি প্রবর্তন।
*** পরিকল্পিত উৎপাদন ও বিপনন ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে সুষম বণ্টন পদ্ধতি প্রয়োগ করা।
*** আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করলেন এবং মানবাধিকার নিশ্চিত করলেন। একটি ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক জাতি হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হলেন।
সাধারণ জনগণ এই উদ্যোগে সম্পৃক্ত হয়ে গেল। কারণ, এবার তারা দেখলো সত্যিকারের পরিবর্তনের আশা। এই দলের প্রতিটি সদস্য নিষ্ঠা ও সততার সাথে কাজ করছিলেন, এবং ক্ষমতার অপব্যবহারের সুযোগ দেওয়া হয়নি।
---
ফলাফল:
কিছু বছরের মধ্যেই দেশ একটি আধুনিক, উন্নত, ও সমৃদ্ধ সভ্য দেশে পরিণত হলো। সকল নাগরিকের জীবনমান উন্নত হলো, সুশাসন প্রতিষ্ঠিত হলো, এবং দেশের ভেতর এক সম্প্রীতির বাতাস বইতে লাগলো। রহমান সাহেব তৃপ্তি নিয়ে ভাবলেন, “দেশের জন্য কাজ করার সঠিক পথ এটাই। সম্মিলিতভাবে কাজ করলে দেশের উন্নয়ন সম্ভব। সকল দলের ভালো মানুষগুলোই আসলে দেশের আসল শক্তি।”
গল্পের শেষ বাণী:
“সৎ চিন্তা আর সততার শক্তিতে গড়ে ওঠা এক নতুন দেশ— সত্যিকারের স্বাধীনতা ও উন্নয়নের পথ দেখালো।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন