০২ আগস্ট, ২০২১

বায়নাক্কা

 একটা কবিতা লিখে দেয়ার বায়নাক্কা!

একেবারে অবুঝ শিশুর মতন বলছিলি:

"কবি, ও কবি
কত কবিতাই তো লিখছো
আমায় একটা কবিতা লিখে দেবে?
দাওনা আমায় একটা কবিতা লিখে"
বলেছিলাম:
"আসছে শ্রাবণে লিখবো.... অবশ্যই লিখবো"

মন খারাপের দিনে চেয়ে থাকি তোর চোখে
তোর দেবীতুল্য সরলতা
আর নির্মল ভালবাসা
আমায় প্রাণিত করে
আন্দোলিত করে বুকের ভেতর
ইচ্ছে জাগায় প্রেমে পড়ার, বারবার প্রেমে পড়ি!

এই শ্রাবণের বর্ষণমুখর রাত, বিদ্যুৎ নেই
টেবিল ল্যাম্পের হলদেটে আলোয়
সফেদ কাগজ আর কলম নিয়ে বসে পড়লাম
টিনের চালে বৃষ্টিফোঁটারা নৃত্যরত
থেমেথেমেই সুর তাল লয়ে পরিবর্তন হচ্ছে
আকাশের গুড়ুম গুড়ুম সহসা বিকট শব্দ
সেখানে পানিভর্তি বিশালাকার চৌবাচ্চাগুলি গড়াগড়ি খাচ্ছে!
মেঘের বুক চিড়ে বিদ্যুৎস্পৃষ্টতার ঝিলিক পটপট আওয়াজ ফুটিয়ে বুকে কাঁপন ধরায়
আকাশ যেন রণমুর্তি ধারন করেছে
মুছে ফেলতে চাইছে জমিনের সাথে যতটা ফারাক
অবিরাম ঝরছে মুশলধারায়
ঝরছে তো ঝরছেই...
রাত্রি গভীরে যায়
আরও গহীনে যায়
কী অদ্ভুত সিম্ফনি
চোখ বুজে শুনছি.....

অতঃপর,
রাত্রির গহীনে
ক্লান্ত পরিশ্রান্ত আকাশ
বৃষ্টি থেমে যায়, ওদিকে
ঘ্যা ঘো ঘ্যা ঘো, ঘো ঘ্যা--
ঘ্যাঙর ঘ্যাগ সুরে ব্যাঙেদের ডাক শুনতে পাই
মনে হলো
ঐ ব্যাঙেরা আমায় কিছু বলছে?
আরে, সত্যিই তো!
একদল কোলাব্যাঙ!
বলছে:

"কবি, ও কবি
কত কবিতাই তো লিখেছো
একটা কবিতা লিখে দেবে?
আমাদের মাতৃভাষায়
ঘ্যা ঘো, ঘ্যাঙর ঘ্যাঙর সুরে দাওনা,
দাওনা মোদের একটা কবিতা লিখে!"

কী আশ্চর্য!
কী বলছে বেতসুরে বেসুরো কোলাব্যাঙের দল?
আমি তাদের সুর পাবো কোথায়?
আর ওরা কোন ভাষায় কথা বলে সেওতো অজানা!
তবুও,
যে ভাষাতেই হোক আজ লিখতে হবে
ভক্ত কুলের পীড়াপীড়ি এড়িয়ে যাওয়া যায়?

রাত্রির শেষ প্রহর
ব্যাঙেদের অনুরোধে লেখার প্রস্তুতি নিচ্ছি ... ভোরের রেখাপথ কাছাকাছি প্রায়
কিলো দূরে মধুপের সুরে ডাকছে মুয়াজ্জিন-
আসসালাতু খাইরুম মিনান নাওম....!

প্রভাকরের আলো ছড়ানোর সকল প্রস্তুতি সম্পন্ন
সে খুব কাছেই আগমনী বার্তা নিয়ে অপেক্ষারত!

ভোরের আলো ফুটবে, তাই
জানালাটা খুলে দেই
পাখিদের ডানা ঝাপটানো
কিচিরমিচির ছড়া পাঠ
মোরগের কুক্কুরুক্কু কুউ
কবুতরিদের কুঁ কুঁ কুঁ
হাসগুলোর প্যাক-প্যাক-প্যাক-প্যাক
গোয়ালঘর থেকে গোরুর অবিরত হাম্বা হাম্বা ডাক
শাণ বাবুর ছাগল ছানার তিড়িংবিড়িং নাচ
তুই বৃষ্টিস্নাত অপরূপা, প্রকৃতি
আহা, কী অপরূপ তোর সাজ!

দেখতে দেখতেই
লাল আভা ছড়িয়ে
সূর্যটা মুখোমুখি দাঁড়িয়ে
সকাল হয়ে যায়
অথচ, কিছুই লেখা হলো না
কিছুই লিখতে পারলাম না!
না তোর জন্য
না ঐ কোলাব্যাঙেদের জন্য...

এ আমার ব্যর্থতা
তুই আমায় ক্ষমা করে দিস
ক্ষমা কোরো কোলাব্যাঙ।


°
°
°
বায়নাক্কা

রচনাঃ এক আট আঠারো
সম্পাদিতঃ দুই আট একুশ



২৫ জুলাই, ২০২১

চিত্রা শালিক

 ভাইজান, 

হামায় চোর ন্যাতারা সাদু;

আর আমলারা?

ওমরা বাইষষালি কদু!


ও ভাইজান, 

ধান্দাবাজ আর চান্দাবাজে

ভরিয়া গ্যাছে দেশ! 

অথচ,

গান গপ্পো কবিতা ছন্দে

সোনার বাংলাই বেশ!!


কয়্যা কি আর লাভ আচে ভাই?

শুইনচে কে কার কথা? 

এইল্লা ভাবিলে নিদ আসে না 

বিষেয় খালি মাথা!!


ঐ নাটবল্টুর ক্ষেমতা পাওয়ার 

যাদের হাতে আচে

ওমরা

ন্যায়নীতি আর দেশ প্রেমটা 

খাইচে, অল্পদামে ব্যচে!


মানষি'টা মুই ক্ষুদ্র তেবু

এই দেশেরই মালিক

মূল্য বোঝে চিত্রা শালিক?

খোঁজে অর্থবিত্তের ধনিক!! 


"উৎসর্গঃ বড়ভাই M A Badsha, একসময়ে কলেজ পড়ুয়া রাজনৈতিক প্রতিপক্ষ! ভালো থাকুন সবসময়, সত্য ন্যায় ও সুন্দরের সাথে থাকুন। ইনশাআল্লাহ, সুদিন উদ্ধারে এক কাতারেই থাকবো।"


°

°

°

নোংরা শালিক 

________________ রশিদ ভাই। 

পঁচিশ সাত একুশ

জয়া

 চাঁদের আলো বৃষ্টি হয়ে ঝরছে 

দিওয়ানা মন তোমায় পেতে চাইছে


রাতটা যতই হোকনা গভীর 

ঝরবে চাঁদের আলো

কিছুটা ভালোবেসো গো বন্ধু 

আমিও বাসবো ভালো..... 


চাঁদের আলোয় দেখেছি তোমায়

নিশুতি চাঁদনী রাতে

রাত পেরিয়ে ফুটেছে আলো 

মিলেছে অবনী প্রাতে!


আজ ভালবাসার গল্পগুলো 

লিখবো চাঁদের গায়

দূর থেকে চাঁদ ডাকছে জয়া 

আয়রে কাছে আয়।।


°

°

°

জয়া 

________________ রশিদ ভাই। 

চব্বিশ সাত একুশ

২৩ জুলাই, ২০২১

পতিতা

 পতিতা


আকাশের মন'টা সকাল থেকেই অন্ধকার,

তবে একপশলা বৃষ্টি হলে ভালই হতো,

টিনের চালে বৃষ্টির রিমঝিম থাকতো ;

বৃষ্টির জল গড়িয়ে যেত বারান্দার সামনে

দরদর করে পানিগুলো ছুটে যেত পুকুরের দিকে

একটা কবিতা লিখতে পারতাম!!!

মানুষের  ছুটে চলা নিরন্তর

এঁরা না'কি আলোর পথে-

সভ্যতার শুরু থেকেই ছুটছে!

বৃষ্টি হলে এঁদের নিরন্তর ছুটেচলা

ছাঁইপাশ ভেবে একটা কবিতা লিখতাম!!!!

প্রকৃতির নিয়মটাও বদলে গেছে

রঙ - ডঙটাও যেন গিরগিটী সেঁজেছে

কখন কি হচ্ছে বলা মুশকিল!

ঠিক যেন ছূটে চলা মানুষগুলোর মত;

বৃষ্টি হলে প্রকৃতির রং-রুপ বদলানো

এসব ভেবেই একটা কবিতা লিখতাম!!!!

নারীদেহে আসক্ত প্রিয় বন্ধুটি জানালো ;

শরীফা নাকি এখন পতিতা!

বিশ্বাস করতে মন সায় দেয়নি,

অকর্মা কবির দোলাচলে কি এসে যায়?

বন্ধুটি কিন্তু পতিত হয়নি!

বৃষ্টি এসো গেল, শরীফা'কে ভেবেই নাহয়

একটা কবিতা লিখে ফেলি;

কিন্তু তা কি'করে হয়?

সে তো পতিতা!!

২১ জুলাই, ২০২১

একটি ঘর

একটি ঘরের নির্মাণ শ্রমিকেরা মদ্যপান করতেন
কিছুসংখ্যক চোর ডাকাত লুটেরা খুনির দেয়া অর্থে
ঘরটির নির্মাণ ব্যয় নির্বাহ করা হয়,
বর্তমানে
একজন দায়িত্বশীল লেবাসধারী ব্যক্তি ঘরটির দেখভাল করছেন।


আজকাল দলেদলে উঁচুনিচু সুফি সাধু সন্ন্যাসী এবং
পাপীতাপী নারীপুরুষ সেখানে পবিত্র হতে আসেন!
অথচ, যিনি সকলকে পবিত্র করবেন
তিনি কখনোই সেখানে আসেন না!
অগত্যা,
আমিও তাকে ডেকেছি বহুবার
তিনি আসেন নি
দৈব চয়নে বলেন,
"হেথায় ডেকো না, আমি যেথাসেথা যাই না!"

ভেজাল সম্প্রদায়

 দুধে ভেজাল মাছে ভেজাল, ভেজাল সকল খাদ্যে

ভেজাল খেয়ে অসুখে শরীর ভেজাল ওষুধপথ্যে!

নেতা ভেজাল কর্মী ভেজাল

ও ভাই, ভেজালে ভরা দেশটা

এই দেশেতে চলছে এখন সাম্প্রদায়িকতার চেষ্টা।।


ইবনে মিজান

ঘটমান বর্তমান

২১ জুলাই ২০১৯

নিন্দুক

 তুমি করছো নিন্দা

যত্রতত্র প্রতিসন্ধা

তোমার জন্য আছে বান্ধা

একগুচ্ছ রজনীগন্ধা।।


তুমি আমার প্রিয় মিত্র

সারাদিন করো ষড়যন্ত্র

কে আছে আর এমন অত্র

তুমিই আমার প্রিয়পাত্র।।


তোমার জন্য সারাক্ষণি

নিজের ভূল নিজেই চিনি।।


= কোয়েল =